ঠাকুরগাঁও পৌরসভায় নিরাপদ পানি সরবরাহ ও এনভায়রণমেন্টাল স্যানিটেশন ব্যবস্থার সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ২৯ মার্চ ঠাকুরগাঁও সফরের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন পৌরসভা এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ড্রেনেজ ব্যবস্থা, রাস্তার উন্নতি এবং ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক স্থাপন করা হবে। তারই ধারাবাহিকতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিফতরের আওতাধীন স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশল ঠাকুরগাঁও পৌরসভায় একটি স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলা এবং নতুন পরিবারে নিরাপদ পানীয় সরবরাহের জন্য প্রকল্পটি হাতে নিয়েছে।

মঙ্গলবার বিকেলে পৌর শহরের আশ্রমপাড়ায় এ কাজের উদ্বোধন করেন ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা। উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফরের নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ, সহকারী প্রকৌশলী আব্দুল মালেক প্রমুখ।

জানা গেছে, প্রকল্পটির মূললক্ষ্য পৌরসভা জুড়ে পাইপলাইনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ করা এবং সঠিক স্যানিটেশনের জন্য নিষ্কাশন ব্যবস্থাপনার উন্নয়ন করা। প্রকল্পের প্রধান কার্যক্রম গুলোর মধ্যে রয়েছে, পরীক্ষামূলক নলকূপ ৮টি ও উৎপাদক নলকূপ ৪টি স্থাপন। পাম্প,
ট্রান্সফরমার ও নিরাপত্তা দেয়ালসহ পাম্প হাউজ নির্মাণ ৪টি। সেন্ট্রিফিউগাল পাম্প ক্রয়সহ ওভারহেড ওয়াটার ট্যাংক নির্মাণ ২টি। সঞ্চালন পাইপ লাইন দুই কিলোমিটার। বিভিন্ন ব্যাসের পাইপ লাইন ২০ কিলোমিটার। পাবলিক টয়লেট নির্মাণ ৪টি। সেকেন্ডারী আরসিসি ড্রেন নির্মাণ ৭ কিলোমিটার। টারশিয়ারী আরসিসি ড্রেন নির্মাণ ১০ কিলোমিটার।

প্রকল্পটি পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্তৃক ২০২১ সালের ২ নভেম্বর অনুমোদিত প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ৫৮ লক্ষ টাকা। যার সম্পূর্ণ অংশ জিওবি থেকে আসবে। প্রকল্পটির বাস্তবায়ন মেয়াদ অক্টোবর ২০২১ হতে জুন ২০২৪ পর্যন্ত। প্রকল্পটি বাস্তবায়ন করছে ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রাইম মোনালিসা (জেভি)।

এ প্রসঙ্গে ঠাকুরগাঁও জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মালেক জানান, প্রকল্পের কাজ সম্পূর্ণ হলে ২০ হাজার নতুন পানির সংযোগ দেয়া হবে।

জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের প্রকৌশলী হারুন আর রশিদ বলেন, ঠাকুরগাঁও শহর একটি গ্রেড-এ পৌরসভা। পৌরসভায় শতভাগ নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধার আওতায় আনতে কাজ করে যাচ্ছে সরকার।

বর্তমানে পৌরসভায় আটটি পানির পাম্প হাউস, ৯৭ কিলোমিটার পানির পাইপলাইন এবং ২৬ হাজার ৭২টি পানির সংযোগ রয়েছে।