রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক-বাঘাইহাট সড়কে একটি চাঁদের গাড়ি (খোলা জীপ) উল্টে তিনজন আহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সাজেক-বাঘাইহাট সড়কের সাত কিলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চাঁদের গাড়িতে করে স্থানীয় যাত্রীদের নিয়ে সাজেকের রুইলুই পাড়া থেকে বাঘাইহাট বাজারে আসার পথে চাঁদের গাড়িটি দুর্ঘটনায় কবলিত হয়। আহতরা সবাই স্থানীয় বাসিন্দা।

এদিকে, আহত তিনজনের মধ্যে দুইজন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন রবি চাকমা (৪০) ও সামি উদ্দিন (৪৭)। এর মধ্যে রবি চাকমার ডান পা ভেঙেছে আর সামি বাম হাত ভেঙে মারাত্মকভাবে আহত হয়েছেন।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নুরুল হক জানান, বাঘাইছড়ি-সাজেক সড়কের সাত কিলো এলাকায় দুর্ঘটনাটি ঘটে। একটি সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে চাঁদের গাড়িটি রাস্তায় উল্টে যায়। আহত তিনজনের মধ্যে দুইজন গুরুতর আহত হন। তাদের আশঙ্কাজনক অবস্থায় দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সেখানে যথাযথ চিকিৎসার ব্যবস্থা না থাকলে খাগড়াছড়ি নেয়া হবে।