দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা খনি থেকে প্রায় তিন মাস পর আবারো কয়লা উত্তোলন শুরু হয়েছে। নির্ধারিত সময়ের ২০ দিন আগেই গতকাল থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে। গতকাল সকালে পেট্রোবাংলা চেয়ারম্যান ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরীক্ষামূলকভাবে এ কয়লা উৎপাদন উদ্বোধন করেছেন। এর ফলে কয়লা সঙ্কটের কারণে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়া এবং উত্তরাঞ্চলে অতিরিক্ত লোডশেডিং হওয়ার যে শঙ্কা তৈরি হয়েছিল, তা অনেকটাই কাটিয়ে উঠবে বলে আশা করছে খনি কর্তৃপক্ষ।
খনি সূত্রে জানা গেছে, গত ১ মে খনির ১৩১০ নম্বর ফেজ (কূপ) থেকে কয়লা উত্তোলন শেষ হলে ওই কূপটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে পরিত্যক্ত ফেজ থেকে নতুন ফেজে যন্ত্রপাতি স্থানান্তর ও সংস্কারকাজ শেষ করে আগস্টের মাঝামাঝি খনির নতুন ১৩০৬ নম্বর ফেজ থেকে কয়লা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, যা নির্ধারিত সময়ের ২০ দিন আগেই গতকাল বুধবার পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু করা হয়েছে।