গাজীপুরের কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় রিকশাচালকসহ দুইজন নিহত ও দুইজন আহত হয়েছে। কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের কালীগঞ্জ থানাধীন টেকপাড়া ও শিমুলিয়া এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।

বৃহস্পতিবার কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন কালীগঞ্জ থানাধীন পৌর এলাকার দেওয়ালেরটেক এলাকার মৃত আমির হোসেনের ছেলে রিকশাচালক খোকন মিয়া (৫০) ও একই থানার বক্তারপুর ইউনিয়নের জয়রামবেড় এলাকার বাবুল রোজারিওর ছেলে জয় রোজারিও (৩৮)।

ওসি আনিসুর রহমান ও স্থানীয়রা জানান, কালীগঞ্জের বাসায় থেকে ঢাকায় রিকশা চালাতেন খোকন। বৃহস্পতিবার সকালে বাগি থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। পথে টেকপাড়া এলাকায় কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়ক পার হওয়ার সময় টঙ্গীগামী কাজী পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন খোকন।

এদিকে বুধবার রাতে দুই বন্ধুকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন জয় রোজারিও। পথে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের শিমুলিয়া এলাকায় পৌঁছলে কালীগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন জয় রোজারিও। এ ঘটনায় মোটরসাইকেল-আরোহী অপর দুইজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহতদের লাশ পুলিশ উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।