নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে ১৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে ১১ জনকে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। জেলা প্রশাসনের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: মঞ্জুরুল হাফিজের নির্দেশে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় শুক্রবার রাতে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নূরের নেতৃত্বে এ অভিযানে র্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা অংশ নেন।
দিনব্যাপী এ অভিযানে ১৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে চিহ্নিত কুখ্যাত মাদক কারবারি রনি (২৩), হাফিজুল (৩০) ও স্বপন তালুকদারের (২৫) বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। অবশিষ্ট ১১ জনকে মোবাইল কোর্টে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড, সাথে অর্থদণ্ড দেয়া হয়।
অভিযানে ২১ গ্রাম হেরোইনসহ (আনুমানিক মুল্য ১ লাখ ৫০ হাজার টাকা) বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
মাদক নিয়ন্ত্রণে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানায় জেলা প্রশাসন।



