সাত বছর পর মানিকগঞ্জের সিংগাইর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মমতাজ বেগম এমপি এবং সাধারণ সম্পাদক পদে শহিদুর রহমান শহিদ নির্বাচিত হন।
শনিবার বেলা ১১টায় সিংগাইর সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক হাজী আবদুল মাজেদ খানের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব:) ফারুক খান এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন ও সাহাবুদ্দিন ফরাজী, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবদুস সালাম প্রমুখ।



