টাঙ্গাইলের নাগরপুরের ধলেশ্বরী নদীতে বরশিতে ধরা পড়েছে ১০০ কেজি (আড়াই মণ) ওজনের বিরল প্রজাতির সামুদ্রিক শুশুক।
রোববার সকালে উপজেলার সহবতপুর ইউনিয়নের জাঙ্গলিয়া এলাকায় ধলেশ্বরী নদীতে ওই শুশুক মাছটি বরশিতে ধরা পড়ে। এদিকে শুশুক মাছটি দেখতে হাজার হাজার উৎসক জনতা ভিড় করছে।
এলাকাবাসী জানান, রোববার ভোরে উপজেলার সহবতপুর ইউনিয়নের জাঙ্গলিয়া এলাকায় ধলেশ্বরী নদীতে সেন্টু নামে এক যুবক বোয়াল মাছ ধরার বরশি (জিয়ালা বরশি) নদীতে ফেলে আসে। বরশি ফেলার পর ছোট একটি বোয়াল মাছ বরশিতে আটকা পড়লে আকস্মিকভাবে বিশাল আকৃতির শুশুকটি বরশিতে আটকে যাওয়া বোয়াল মাছকে গিলতে গিয়ে আটকে যায়। পরে সেন্টু প্রাণীটি দেখে ভয় পেয়ে চিৎকার করতে থাকে। এ সময় তার চিৎকার শুনে নদী পাড়ের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে শুশুকটি ডাঙ্গায় তুলে আনে। এরপর সামুদ্রিক শুশুকটি স্থানীয় জাঙ্গালীয় বাজারে নেয়া হয়। মুহূর্তের মধ্যে এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজনসহ দূর-দূরান্ত থেকে হাজারো মানুষ শুশুকটিকে দেখতে সেখানে ভিড় জমায়।
স্থানীয় ইসমাইল মিয়া জানান, মাছটি ১৫ হাজার টাকায় সেন্টুর কাছ থেকে কিনে নেয় এলাকাবাসী।
নাগরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মাছুম বিল্লা বলেন, মাছটি বিলুপ্তির পথে। এটি সংরক্ষিত প্রাণী। যদি জীবিত থাকতো তাহলে আমরা উদ্ধার করে অবমুক্ত করতাম।



