সীমাহীন দুর্নীতি, অব্যবস্থাপনা ও অপরিণামদর্শী সিদ্ধান্তের ফলে বিদ্যুৎ সেক্টরে মহাবিপর্যয়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী সৈয়দপুর উপজেলা শাখা।

রোববার (৩১ জুলাই) বিকাল ৪টায় উত্তরা আবাসন এলাকায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আমির হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, সেক্রেটারি মাওলানা গওহর আলী, পৌর আমির শরফুদ্দীন খান, নায়েবে আমির মাওলানা আব্দুস ছামাদ আজাদ।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান আওয়ামী সরকার দিনের ভোট আগের রাতে চুরি করাই শুধু নয় বিনাভোটে গায়ের জোরে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা না থাকায় ইতিহাসের সর্বোাচ্চ লুটপাটে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। এক বিদ্যুৎ খাতেই অভাবনীয় নৈরাজ্যকরে পারিবারিক ব্যবসায়ীদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পকেটস্থ করেছে। আর তার খেসারত দিতে হচ্ছে জনগণকে। বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার তবলা বাজিয়ে অহংকারকারীরা আজ কৃচ্ছ্র সাধনের নামে লোডশেডিং সিডিউল ঘোষণা করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলেছে।

বক্তারা বলেন, সরকারের মন্ত্রী এমপিসহ সচিবালয়, সরকারি দফতরসমূহে বিদ্যুৎ সাশ্রয়ের কোনো পদক্ষেপ না নিয়ে ছোট ছোট ব্যবসায়ীদের রাত ৮টার মধ্যে প্রতিষ্ঠান বন্ধ করতে বলছে। আর না করলে অভিযান চালিয়ে জেল-জরিমানা করছে। অথচ দিনের বেলায় ৩-৪ ঘণ্টাও বিদ্যুৎ পাচ্ছে না জনগণ।

তারা আরো বলেন, আসলে উন্নয়নের যত তুবড়ি আওড়ানো হোক সবই বাগাড়ম্বর মাত্র। প্রকৃত অর্থে দেশ বা জনগণের কোনো উন্নয়নই হয়নি। উন্নয়নের নামে আওয়ামী রাজনীতির সাথে জড়িতরা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে মাত্র। আর দেশের সেই টাকা পাচার করে দেশের অর্থনীতিকে খোলশে পরিণত করেছে। যে কারণে আজ সবক্ষেত্রেই ভঙ্গুর অবস্থা। দেশ ও জনগণ সত্যিকার
অর্থেই ভালো নেই। বিদ্যুৎ ক্ষেত্রের এই পরিণতি মূলতঃ সরকারের দেশবিরোধী
কর্মকাণ্ডেরই ফসল।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, অচিরেই এই অবৈধ সরকারকে বিতাড়িত না করলে দেশ দেউলিয়া হতে বাধ্য। এই পরিস্থিতি থেকে বাঁচতে হলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশপ্রেমিক ঈমানদার নেতৃত্বের হাতে রাষ্ট্রক্ষমতা হস্তান্তরের বিকল্প নেই। এ ব্যাপারে যত দ্রুত উদ্যোগ নেয়া হবে তত তাড়াতাড়ি সুফল পাওয়া যাবে এবং অনিবার্য ধ্বংসের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে।