বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার পুরো জাতিকে হারিকেন ধরিয়ে দিয়েছে। শুধু বিদ্যুৎ ক্ষাতেই নয়, শিক্ষা, চিকিৎসাসহ সকল খাতেই মিথ্যাচার ও অনাচার করে আসছে। সরকার বরাবরই বলে আসছে দেশে বিদ্যুতের চাহিদার চাইতে বেশি উৎপাদন রয়েছে। এখন তার প্রমাণ কি?
তিনি বলেন, পদ্মাসেতু নির্মাণে ১০ হাজার কোটি টাকা বাজেট ধরে তা ৩০ হাজার কোটিতে, মগবাজার-মৌচাক ফ্লাইওভার ৩৫০ কোটির স্থলে দের হাজার কোটিতে নিয়ে গেছে। এমনি ভাবে প্রতিটি মেঘা প্রকল্পেই লুটপাট হয়েছে। এই টাকায় তারা কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়ায় সেকেন্ড হোম তৈরি করছে। এবার শ্রীলঙ্কাকে টাকা লোন দেয়ার পরে বিভিন্ন দাতাদেশের কাছে আবার লোন চাইছে সরকার। এই সবকিছুর হিসাব জনগণকে দিতে হবে।
ডা: রফিকুল ইসলাম বলেন, ৩৫ লাখ বিএনপির নেতকর্মীদের বিরুদ্ধে ১ লাখ ৭ হাজার মামলা। তার পরেও বিএনপির নেতাকর্মীদের হত্যা ও গুম করা হচ্ছে। এখন আপনাদের হাতে সময় নেই। শরীয়তপুর থেকেই এই ফ্যাসিবাদী সরকার পতনের আন্দোলন গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ।
আজ রোববার শরীয়তপুর জেলা বিএনপির উদ্যোগে আঙ্গারিয়া বন্দরের নদীরপাড় মাঠে আয়োজিত সারাদেশে লোডশেডিং ও জ্বালানি খাতের অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।
এ সময় সমাবেশের সভাপতির ও সাবেক এমপি শফিকুর রহমান কিরন বলেন, সরকার কুইকরেন্টাল ফান্ড করে দলীয় লোকদের হাজার হাজার কোটি টাকা আত্মসাতের ব্যবস্থা করে দিয়েছে, আর সেই সরকার বলছে বিদ্যুৎ নাই। রাজধানীর গুলশান, বারিধারায় বিদ্যুৎ থাকে না। এমন পরিস্থিতি সকল জেলায়।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাবা আক্ষেপ করে বলেছিলেন, ‘সকলে পেয়েছে সোনার খনি আর আমি পেয়েছি চোরের খনি’। আর কিছুদিনের মধ্যে আপনাকেও এই কথা বলতে হবে। বিদ্যুতের জন্য হাজার হাজার কোটি টাকা যাদের হাতে তুলে দিয়েছেন তাদের জবাবদিহির আওতায় আনলেই সমাধান মিলবে। আর যদি আপনি না পারেন তাহলে আমরা যারা দেশকে ভালবাসি, আমরা যারা যুদ্ধ করে স্বাধীনতা এনেছি আমরাই তাদের শায়েস্তা করতে পারবো। এ জন্যই এই মুহূর্তে প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কঠোর আন্দোলন সংগ্রামের মাধ্যমে বর্তমান ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়ার সরকার ক্ষমতায় আনতে হবে।
এর আগে একই দাবিতে শরীয়তপুর-মাদারীপুর মহাসড়কের আঙ্গারিয়া বাইপাস এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে আঙ্গারিয়া বন্দরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সরদার একেএম নাসির উদ্দিন কালু, সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম, শরীয়পুর সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক মোল্লা, যুগ্ম ও শরীয়তপুর সরকারি কলেজের সাবেক ভিপি নাজমুল হক বাদল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম খায়ের প্রমুখ। এ সময় বিএনপি, মহিলাদল, যুবদল ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



