নারায়ণগঞ্জের ফতুল্লায় ভাই হত্যার প্রতিশোধ নিতে চার্জশিটভুক্ত আসামিকে খুন করেছে প্রতিপক্ষ। শনিবার রাত ১১টার দিকে ফতুল্লার পশ্চিম দেওভোগ মাদরাসার শেষ মাথায় মিয়াপাড়ার মাঠে এ হত্যাকাণ্ড ঘটে।
এ ঘটনায় নিহত মেহেদী হাসান (২৩) স্থানীয় একটি হোসিয়ারি পোশাক কারখানার শ্রমিক। ২০২১ সালের ১৭ জুলাই একই এলাকায় সংঘটিত ইমন হত্যার চার্জশিটভুক্ত আসামি ছিলেন তিনি। শনিবার রাতে ইমনের ভাই ওমর ফারুক নিজ ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে দলবল নিয়ে মেহদী হাসানকে এলোপাতাড়ি কুপিয়ে খুন করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ঘটনায় পুলিশ সোহাগ নামের একজনকে গ্রেফতার করেছে। তিনি স্থানীয় হোসিয়ারি কারখানার শ্রমিক।
মেহেদী হাসান হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় বোন মৌসুমী রোববার দুপুরে আট জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরো ৪-৫ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।
মামলায় ইমনের দুই ভাই ওমর ফারুক (২৭), সবুজ (৩০), ভাগিনা রাসেল (২১), মাইকেল (২১), সীমান্ত (২২), কসাই শান্ত (২১), জুব্বা (২৩), সঞ্চয়সহ (২১) অজ্ঞাতনামা আরো ৪-৫ জন।
নিহতের স্বজন ও স্থানীয় একাধিক সূত্র জানায়, মেহেদী হাসান হত্যাকাণ্ডে আটজন কিলার হত্যার মিশনে অংশ নেয়। ২০২১ সালের ১৭ জুলাই ডেবিড গ্রুপ ও ওমর ফারুক গ্রুপের মধ্যে সংঘর্ষে নিহত হন ওমর ফারুকের ভাই ইমন। সে সময় আহত হন ওমর ফারুক নিজেও। ওই হত্যা মামলার এজাহার নামীয় আসামি ছিলেন নিহত মেহেদী হাসান। মামলার চূড়ান্ত প্রতিবেদনেও নিহত মেহেদী হাসানের নাম রয়েছে। ধারণা করা হচ্ছে ইমন হত্যার প্রতিশোধ নিতেই মেহেদীকে হত্যা করা হয়েছে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক আবু হানিফ জানান, পূর্ব পরিকল্পিতভাবে শনিবার রাত ১১টার দিকে নিহত মেহেদী হাসানকে হত্যা করে পালিয়ে যায় ঘাতক চক্র। হত্যাকাণ্ডের মিশনে অংশ নেয়া ঘাতকদের চিহ্নিতসহ গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।
নিহতের বোন দোলন জানান, ঘটনার পর পর জানিয়েছিল কারা তার ভাইকে বুকে পিঠে একাধিক ছুরিকাঘাত করে হত্যা করেছে। এখনো বলতে পারছেন না। ভিক্টোরিয়া হাসপাতালে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের ডাক্তার নাজমুল হোসেন বলেন, মেহেদী হাসানের বুকসহ বিভিন্ন স্থানে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে সোহাগ নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। মেহেদী হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বোন একটি হত্যা মামলা করেছেন। ঘাতকদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে তিনি জানান।
তিনি আরো বলেন, নিহতের স্বজনরা তাকে জানিয়েছেন, মেহেদী হাসান ছিলেন ইমন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। সেই ঘটনার সূত্র ধরেই মেহেদী হাসানকে হত্যা করা হয়েছে।



