গাজীপুরে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকার মগবাজার হাতিরঝিল এলাকার তালতলি থেকে গ্রেফতার করা হয়।
রোববার দুপুরে তাকে সাত দিনের রিমান্ড আবেদন করে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত রবিন সরদার (২৩) শরিয়তপুরের গোসাইরহাট থানা এলাকার রুহুল আমিন সরদারের ছেলে। গাজীপুর মহানগরের গাজীপুর সদর থানার পশ্চিম জয়দেবপুর এলাকার গোল্ডেন টাওয়ারের সপ্তম তলার ভাড়া বাসায় বসবাস করেন। তার বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শনিবার পুলিশ অভিযান চালিয়ে ঢাকার মগবাজারের হাতিরঝিল তালতলি এলাকা থেকে রবিনকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার দেয়া তথ্যমতে গাজীপুর সদর থানা পুলিশের সহায়তার গাজীপুর মহানগরের পশ্চিম জয়দেবপুর এলাকার গোল্ডেন টাওয়ারের সপ্তম তলার বাসায় অভিযান চালানো হয়। এ সময় তার বসত ঘরের বিছানার তোশকের নিচ থেকে একটি রিভলবার উদ্ধার করা হয়। এ ঘটনায় রোববার তার বিরুদ্ধে গাজীপুর সদর থানায় অস্ত্র আইনে আরো একটি মামলা করা হয়েছে। এ মামলাটি পুলিশের তরফে করা হয়েছে।



