ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরের তারগাছ এলাকায় বাসে ডাকাতি হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে যাত্রীদের সর্বস্ব লুটে নিয়েছে। এ ঘটনায় বাসের একজন যাত্রীর চার লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে তিনি জিএমপি গাছা থানায় শনিবার রাতে মামলা করেছেন। গত শুক্রবার ভোরে নগরীর গাছা থানাধীন তারগাছ এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
বাসে আলোচিত ডাকাতির ঘটনায় মামলার বাদি মুজিবুর রহমান জানান, তার দুই ছেলে ঢাকায় ভাড়া বাসায় থেকে পৃথক দু’টি কলেজে পড়ে। ছেলেদের পড়ালেখার খরচ মেটাতে তিনি সম্প্রতি জমি বিক্রি করেন। ঘটনার দিন গত শুক্রবার ভোর সোয়া ৪টায় তিনি চার লাখ টাকা নিয়ে রাজধানীর শাহীনবাগে ছেলেদের কাছে যাওয়ার উদ্দেশে গাছা থানাধীন ছয়দানা এলাকা থেকে একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১১-০৫৮৬) ওঠেন। বাসটি গাছা থানাধীন কুনিয়া তারগাছ এলাকায় লরেঞ্জ ফ্যাশন কারখানা সংলগ্ন নাজিফা টেলিকমের সামনে পৌঁছলে যাত্রীবেশী ডাকাতরা চালককে বাসটি থামাতে বলেন। এ সময় বাসটি থামানো মাত্রই একজন ডাকাত চালককে থাপ্পড় দিয়ে ইঞ্জিন বন্ধ করতে বলেন। ইঞ্ছিন বন্ধ করার পর ডাকাতরা বাসের চাবি কেড়ে নিয়ে দূরে নিক্ষেপ করে। এসময় ডাকাতরা অস্ত্রের মুখে সব যাত্রীকে জিম্মি করে সর্বস্ব লুটে নেয়। ডাকাতরা তার (বাদির) পেটে সুইসগিয়ার ঠেকিয়ে তার ব্যাগে থাকা চার লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে ডাকাতরা বাস থেকে নেমে বিপরীত (উত্তর) দিকে দ্রুত চলে যায়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে গাছা থানার ওসি মো: ইসমাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে। চালক ও হেলপারসহ বাসটিকে আটক করার পর জিজ্ঞাসাবাদ শেষে চালক ও হেলপারকে ছেড়ে দেয়া হয়েছে। মামলার আলামত হিসেবে বাসটি থানায় আটক রয়েছে।
উল্লেখ্য, গাজীপুর মহানগরীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায়ই ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। সম্প্রতি রাতে গাছা থানাধীন ছয়দানা মালেকের বাড়ি এলাকায় বাসে ডাকাতির ঘটনায় ২১ ডাকাতকে আটক করে পুলিশ। পরে তারা সরকারদলীয় স্থানীয় প্রভাবশালী একজন ওয়ার্ড কাউন্সিলরের লোক পরিচয় দেয়। ওই কাউন্সিলর পরে দলীয় প্রভাব খাটিয়ে গাছা থানা থেকে তাদেরকে ছাড়িয়ে নেন।
বলাকা বাসে পকেটমারের কবলে স্কুলশিক্ষক
এ দিকে গতকাল রোববার সকালে ঢাকার একটি হাসপাতাল থেকে রোগী দেখে টঙ্গীতে সস্ত্রীক বাসায় ফেরার পথে বাসের ভেতর সঙ্ঘবদ্ধ পকেটমারের কবলে পড়েন টঙ্গীর সাহাজ উদ্দিন সরকার আদর্শ স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষক। তিনি জানান, তাদের বহনকারী বাসটি রাজধানীর বনানী বাসস্ট্যান্ড অতিক্রম করার পর পেছনের সিটে বসা যাত্রীবেশী পকেটমার তার পিঠে বমি করে দেয়। তিনি ঘটনার আকস্মিকতায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। এ সময় তাকে সাহায্যের নামে আরো কয়েকজন যাত্রীবেশী পকেটমার ঘিরে ধরে এবং তিনি কোনো কিছু বুঝে উঠার আগেই তার প্যান্টের পকেট কেটে সাড়ে চার হাজার টাকা লুটে নিয়ে পরবর্তী বাসস্ট্যান্ডে সবাই নেমে যায়। তিনি বলেন, ‘আমি পরে বুঝতে পারি এরা সঙ্ঘবদ্ধ পকেটমার। যাত্রীবেশী পকেটমার ডাল চিবিয়ে মুখভর্তি পানি পেছন দিক থেকে আমার পিঠের ওপর ‘কৃত্রিমবমি’ নিক্ষেপ করে।’



