বেড়া উপজেলার পৌরসভার পাইখন্দ এলাকায় যমুনা নদীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচ বালু ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, জরিমানার টাকা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টায় গোপন সূত্রে খবর পেয়ে বেড়া উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্না বেড়া মডেল থানা পুলিশের সহযোগিতায় যমুনা নদীতে অভিযান চালিয়ে ২টি ড্রেজারসহ ফরাজ, বাবুল, আলীম, মেজর, রাসেল নামের পাঁচজনকে আটক করেন।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না অবৈধভাবে বালু উত্তোলন ও অন্যান্য ধারার পৃথক ৩টি মামলা রুজু করেন। পরে আটককৃতদের ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জরিমানার টাকা অনাদায়ে আসামিদের আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উল্লেখ্য, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর আওতায় ২০২২ সালের ১৩ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত উপজেলার যমুনা ও হুড়াসাগর নদীতে ৮টি অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ৮টি মামলা ও চার লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্না ২০২২ সালের ১৮ এপ্রিল থেকে ৩১ জুলাই পর্যন্ত যমুনা ও হুড়াসাগর নদীতে ৫টি অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৩ জনকে আটক করেন। এ সময় ৮টি মামালা দায়ের করে চার লাখ টাকা জরিমানা আদায় ও ৫ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ প্রসঙ্গে বেড়া উপজেলা নির্বাহী অফিসার মো: সবুর আলী বলেন, বেড়ায় কোনো বালুমহাল নেই। নদী থেকে বালু উত্তোলনে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স দেখাচ্ছে। তবে নদী তীরবর্তী মানুষকে সচেতন হতে হবে। উপজেলা প্রশাসনের কাছে দিন-রাতের কোনো পার্থক্য নেই। যখনই খবর পাবো সাথে সাথে অভিযান পরিচালনা করা হবে।