নীলফামারীর ডোমারে ট্রাক্টর ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

সোমবার দুপুরের দিকে উপজেলার বোড়াগাড়ী-জলঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের নদীয়াপাড়া এলাকার মৃত শুকারু মামুদের ছেলে ভ্যানচালক আফসারুল ইসলাম (৪৫) ও ডিমলা বড় সমজিদ এলাকার লেবু মিয়ার ছেলে জহুরুল ইসলাম (২৫)।

এ ঘটনায় নিহত জহুরুলের বোন লিমা আক্তার গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয়রা জানান, দুপুরে জলঢাকা-বোড়াগাড়ী সড়কের একবোট এলাকায় ঠাকুরগাও থেকে চাল বোঝাই একটি ট্রাক্টর জলঢাকা যাওয়ার পথে নতুন মসজিদের সামনে ট্রাক্টরের এক্সেল ভেঙ্গে গেলে ট্রাক্টরটি সড়কের পাশে উল্টে যায়। এ সময় ট্রাক্টরে থাকা চালের বস্তা বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানগাড়ির উপরে পড়লে ভ্যানচালকসহ যাত্রীরা চালের বস্তার নিচে চাপা পড়ে। স্থানীয়রা বস্তা সরিয়ে ভ্যানচালকসহ যাত্রীদের উদ্ধার করেন।

এ সময় ঘটনাস্থলেই বোনের বাড়িতে বেড়াতে যাওয়া ভ্যানযাত্রী জহুরুলের মৃত্যু হয়। রংপুরে নিয়ে যাওয়ার পথে মারা যান ভ্যানচালক আফসারুল ইসলাম।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহমুদ উন নবী ঘটনাটি নিশ্চিত করেন।