নাটোরের বাগাতিপাড়া মডেল থানা-সংলগ্ন কসবা মালঞ্চী গ্রামের বড়াল নদী থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেল ৬টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, সোমবার দুপুরের পর বড়াল নদীর স্রোতে একটি লাশ ভেসে আসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে বাগাতিপাড়া মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

তিনি আরো জানান, সন্ধ্যার আগে ৬টার দিকে রাজশাহী থেকে সিআইডি পুলিশের একটি টিম এসে লাশের আলামত সংগ্রহ করে। পরে আলামত জব্দ করা হলে ময়নাতদন্তের জন্য রাতেই নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, লাশটি কয়েক দিন আগের। নদীর স্রোতে কোথাও থেকে ভাসতে ভাসতে এখানে এসেছে। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।