ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মিনি কাভার্ড ভ্যানচাপায় রঞ্জিত ভ্রমণ (৪০) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো দু’জন।

সোমবার দুপুর ২টার দিকে উপজেলার বালুয়াকান্দি মুন ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রঞ্জিত উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের মাধব ভ্রমণের ছেলে। আহত হয়েছেন ভ্যানচালকসহ দু’জন। আহতদের উদ্ধার করে উপজেলা গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল পাঠান।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরে কুমিল্লাগামী একটি বাসে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে বিকট শব্দ হয়। এ সময় পিক-আপের সামনে থাকা ড্রাইভার ও হেলপার আহত হন। ঘটনাস্থলে ভ্যানচাপায়া পথচারী নিহত হন।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। নিহত পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ পাওয়া যায়নি।