রেললাইনে যেসব দুর্ঘটনা হয়েছে তার জন্য রেল দায়ী নয় উল্লেখ করে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, রেল কাউকে ধাক্কা দিতে যায় না, অন্যরা রেলের ওপর এসে ধাক্কা খায়। আরেকজন এসে রেলে ধাক্কা খাবে তার দায় রেলের ওপর চাপিয়ে দেয়া যুক্তিসঙ্গত নয়। এ জায়গাটাতে আমাদের একটু সচেতনার প্রয়োজন আছে। কোনো দুর্ঘটনা ও মৃত্যুই আমাদের কাম্য নয়। কিন্তু রেললাইনের যেসব দুর্ঘটনা ঘটেছে সেগুলো রেলের দুর্ঘটনা নয়। রেলের দুর্ঘটনা সেটাই যদি রেল লাইনচ্যুত হয়। রেল রেলের পথ ছেড়ে কোনো বাড়িতে ঢুকে বা অন্য রাস্তায় চলে যায় তাহলে সেটা হবে রেলের দুর্ঘটনা। সোমবার দুপুরে গোপালগঞ্জ রেল স্টেশনে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘরের দেশব্যাপী প্রদর্শনের সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।