বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজে এমবিবিএস ৯ম ব্যাচের শিক্ষার্থীদের বরণ ও ডাক্তারি পোশাক পরিধান অনুষ্ঠান সোমবার দুপুরে কলেজের নিজস্ব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: আ ন ম নৌশাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের চেয়ারম্যান ও রাষ্ট্রপতি পত্নী রাশিদা খানম।
বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু। সম্মানিত অতিথি ছিলেন কলেজের পরিচালক প্রফেসর ডা: সুফিয়া খাতুন, মিলাদ খান ও ব্যারিস্টার রিয়াদ আহমেদ তুষার।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি পতœী রাশিদা খানম বলেন, হাওর জনপদের গণমানুষের মধ্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ প্রতিষ্ঠানটি বিশেষ অবদান রাখছে। তিনি কলেজের শিক্ষার্থীদের ভালো চিকিৎসক হওয়ার সাথে সাথে মানবিক আচরণ ও ভালো মানুষ হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন। এর জন্য পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা বিশেষ করে ইসলামিক জ্ঞান আহরণেরও আহ্বান জানান তিনি।
নবীনবরণ অনুষ্ঠানে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসু, ওসি শামছুল আলম সিদ্দিকী, পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন, কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে কলেজের বিভিন্ন কার্যক্রম ও উন্নয়নের গতিধারা ভিডিও স্লাইডের মাধ্যমে প্রদর্শন করা হয়। পরে সভাপতি সব ডিপার্টমেন্টের শিক্ষকদের পরিচিতি তুলে ধরেন।
করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ এলাকায় ২০১৩ সালে রাষ্ট্রপতি আবদুল হামিদের ইচ্ছায় এ কলেজটি প্রতিষ্ঠিত হয়। দেশীয় শিক্ষার্থী ছাড়াও বিদেশী শিক্ষার্থীরাও লেখাপড়া করছে এ কলেজে। এবার এমবিবিএসে ৯০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এর মধ্যে বিদেশী শিক্ষার্থী রয়েছেন ৩৮ জন।
ভারতের জম্মু-কাশ্মির থেকে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থী সাবাহ এ অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজ একটি ভালো কলেজ জেনেই আমি জম্মু-কাশ্মির থেকে এসে এ কলেজে ভর্তি হয়েছি। আর শিক্ষাজীবনের শুরুতেই এভাবে আমাদের বরণ করে নেয়ায় আমরা আনন্দিত।



