নওগাঁর রাণীনগরে জমির পানিতে পড়ে থাকা রতন আলী (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়েছে। পরে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

রতন আলী উপজেলার বিলপালশা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

কিশোর রতনের চাচাতো ভাই বেনাজুল ইসলাম বলেন, সোমবার বিকেল ৫টা নাগাদ রতন বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজ করেও সন্ধান মেলেনি তার। মঙ্গলবার সকালে বিলকৃষ্ণপুর বাজারের দক্ষিণে একটি জমির ধারে
পানিতে পড়ে থাকা তার লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।

তিনি আরো বলেন, রতন মানসিক ভারসাম্যহীন ও বাকপ্রতিবন্ধী ছিল। হয়তো প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে কোনো
কারণে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনার খবর পেয়ে থানাপুলিশ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

লাশ উদ্ধারকারী তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা বলেন, রতনের শরীরে প্রাথমিকভাবে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানতে সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।