রাজবাড়ীতে বজ্রপাতে কুদ্দুস শেখ (৪৫) নামে এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুই শ্রমিক।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুদ্দুস সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামের মজিত শেখের ছেলে।
আহতরা হলেন- ধুলদী জয়পুর গ্রামের মৃত সাধু সরদারের ছেলে নইমদ্দিন সরদার (৪৫) ও জলিল সরদারের ছেলে জিয়া সরদার (৪২)।
আহত নইমদ্দিন সরদার জানান, মঙ্গলবার সকাল থেকে তিনি, জিয়া ও কুদ্দুস বড় ভবানীপুর গ্রামের ওসমান কাজীর মেহগনি বাগানে গাছ কাটার কাজ করছিলেন। দুপুরে বৃষ্টি শুরু হলে তারা বাগানের পাশে করিমের বাড়ির বারান্দায় বসে গল্প করছিলেন তিন শ্রমিক। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা সবাই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বসন্তপুর স্টেশন বাজারের পল্লী চিকিৎসক হারুনের কাছে নিয়ে এলে চিকিৎসক আহত কুদ্দুসকে মৃত বলে ঘোষণা করেন।
পল্লী চিকিৎসক হারুন বলেন, আমার কাছে নিয়ে আসার আগেই কুদ্দুস শেখ মারা যান। তারপরও পরিবারের লোকজন তাকে ফরিদপুর হাসপাতালে নেয়ার জন্য রওনা হলেও কুদ্দুসের মৃত্যু নিশ্চিত বুঝতে পেরে মাঝ পথ থেকে ফিরে আসেন।
আহত নইমদ্দিন ও জিয়াকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তারা এখন সুস্থ আছেন বলেও জানান ওই পল্লী চিকিৎসক।



