খালে অবৈধ বাঁধ দেয়ায় জনদুর্ভোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে পিরোজপুরের মঠবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ডেইলি নিউজ মেইল এবং দৈনিক তৃতীয় মাত্রার মঠবাড়িয়া প্রতিনিধি মো: রোকনুজ্জামান শরীফকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক রোকনুজ্জামান শরীফ জীবনের নিরাপত্তা চেয়ে মঙ্গলবার দুপুরে মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ডায়েরি সূত্রে যানা যায়, বিষখালী-বলেশ্বর নদীর সংযোগ খালে বাদুরা দোগনা ও ভুতার খালে স্থানীয় চিহ্নিত একটি প্রভাবশালী মহল অবৈধ বাঁধ দিয়ে জলাবদ্ধতায় কৃষক ও স্থানীয়দের জনদুর্ভোগ নিয়ে সংবাদ পরিবেশন করে। এতে ক্ষিপ্ত হয়ে গত সোমবার রাত পৌনে ৯টার দিকে সাংবাদিক রোকনুজ্জামান শরীফ বাদুরা বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় স্থানীয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মহিলা কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম শরীফ, তার বাবা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম শরীফসহ পাঁচজনের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালাগাল, খুন-জখমের হুমকি দেয়।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মহিলা কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম শরীফ হুমকির কথা অস্বীকার করে জানান, একটি মহলের ইন্ধনে রোকনুজ্জামান শরীফ খালে বাঁধ দেয়া নিয়ে বাড়াবাড়ি করছে বলে আলোচনা হয়। এতে ক্ষিপ্ত হয়ে আমাদের নামে জিডি করেন। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুল ইসলাম বাদল জিডির সত্যতা নিশ্চিত করে বলেন এ বিষয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।