রাজবাড়ীতে বজ্রপাতে কুদ্দুস শেখ (৪৫) নামের এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’শ্রমিক।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
কুদ্দুস সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামের মজিত শেখের ছেলে। আহতরা হলেন- ধুলদী জয়পুর গ্রামের মৃত সাধু সরদারের ছেলে নইমদ্দিন সরদার (৪৫) ও জলিল সরদারের ছেলে জিয়া সরদার (৪২)। আহতদের স্থানীয় পল্লী চিকিৎসকের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহত নইমদ্দিন সরদার জানান, মঙ্গলবার সকাল থেকে তিনি, জিয়া ও কুদ্দুস বড় ভবানীপুর গ্রামের ওসমান কাজীর মেহগনি বাগানে গাছ কাটার কাজ করছিলেন। দুপুরে বৃষ্টি শুরু হলে তারা বাগানের পাশে করিমের বাড়ির বারান্দায় গিয়ে বসে গল্প করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা তিনজনই মাটিতে লুটিয়ে পরেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বসন্তপুর স্টেশন বাজারের পল্লী চিকিৎসক হারুনের কাছে নিয়ে গেলে চিকিৎসক কুদ্দুসকে মৃত ঘোষণা করেন।
পল্লী চিকিৎসক হারুন বলেন, ‘আমার কাছে আসার আগেই কুদ্দুস শেখ মারা যান। তারপরেও পরিবারের লোকজন তাকে ফরিদপুর হাসপাতালে নেয়ার জন্য রওনা হন। তবে কুদ্দুসের মৃত্যু নিশ্চিত বুঝতে পেরে রাস্তা থেকে তারা ফিরে আসেন।’
আহত নইমদ্দিন ও জিয়াকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তারা এখন সুস্থ আছেন বলেও জানান পল্লী চিকিৎসক হারুন।



