ঝালকাঠির নলছিটি উপজেলার মানপাশা গ্রামের উচ্চশিক্ষিত যুবক মো: বদরুল আলম জানান, তিনি তার বাড়ির কাছে রাস্তার পাশে ১২০ ফিট জুড়ে ৭২টি বারি-০২ জাতের তরমুজের বীজ রোপন করেন। মে মাসের মাঝামাঝি সময়ে রোপণ করা এই বীজ থেকে জুলাই মাসের শেষে এসে ফল উত্তোলনের পর্যায়ে এসেছে। মো: বদরুল আলম বরিশাল বিএম কলেজ থেকে মাস্টার্স পাশ করে ৩ বছর ধরে চাকরির পেছনে না ঘুরে কৃষি কাজে আত্মনিয়োগ করেন। ইতোমধ্যেই তিনি তার এলাকার লিডিং ফার্মার হিসেবে কৃষি বিভাগের তালিকায় রয়েছেন।
তিনি আরো জানান, তার এই চাষাবাদ থেকে দুই শতাধিক তরমুজের উৎপাদন হয়েছে এবং এগুলোর গড় ওজন চার কেজি। ইতোমধ্যেই তার ক্ষেত থেকে তরমুজ কেনার জন্য কেজি প্রতি ৪৫ টাকা দরে তরমুজ কিনতে আগ্রহ প্রকাশ করেছে ফল ব্যাবসায়ীরা। তার এই চাষাবাদে তিন হাজার টাকা খরচ হয়েছে এবং তিনি আশা করছেন কমপক্ষে মাঠ পর্যায় থেকে এই তরমুজ বিক্রি করে ৩৫ হাজার টাকা পাবেন। তিনি এই চাষাবাদ করে নিজেকে সফল চাষি বলে মনে করছেন।
বদরুল আলম তরমুজের পাশাপাশি বাড়ির আঙ্গিনায় ড্রাগন ও রাম্বুটান ফলের চাষ শুরু করেছেন এবং নিজেই কেচোঁ দিয়ে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করেন। আর পদ্মা সেতু চালু হওয়ার ফলে সকালে ক্ষেত থেকে তুলে দুপুরের মধ্যে তরতাজা তরমুজ ঢাকায় পৌঁছানো সম্ভব হতে পারে।
একই এলাকার যুবক মেহেদী হাসান জানান, তিনিসহ এলাকার তার বয়সী যুবকরা প্রতিদিনই বদরুল আলমের তরমুজের চাষ দেখতে আসেন এবং তার সফলতা দেখে আগামীতে তারাও এই ফসলের চাষ করবেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় নলছিটি উপজেলায় এ বছর পাঁচ হেক্টর জমিতে অনেক কৃষককে উৎসাহিত করে বর্ষা মৌসুমে কৃষি গবেষণায় উদ্ভাবিত বারি-০২ জাতের তরমুজের চাষ হয়েছে। এই তরমুজের ভেতরের অংশটি হলুদ রঙের হয়। এর উৎপাদন হেক্টর প্রতি ১৪ টন। এই মৌসুমে এই জাতের তরমুজের চাষ করে কৃষকরা ভালো দাম পাবে বলে আশা করা যাচ্ছে। তবে এই চাষাবাদে কৃষকদেরকে যত্নসহকারে তদারকি করতে হয়। প্রতিটি গাছ থেকে তিন থেকে চারটি করে তরমুজের উৎপাদন হয় এবং বর্ষা মৌসুমে এই চাষ হওয়ায় তরমুজ ঝাকা বানিয়ে ঝুলিয়ে চাষ করতে হয়। এই অসময়ে চাষ হওয়া প্রতিটি তরমুজের গড় ওজন চার কেজি। ইতোমধ্যেই মাঠ পর্যায় থেকে ৩৫ টাকা কেজি দরে ব্যাপারীরা কেনার জন্য কৃষকের কাছে যোগাযোগ করে চলেছে। এই চাষ করে কৃষকরা উচ্চ মূল্যের ফসল হিসেবে এর আবাদ করে আর্থিকভাবে লাভবান হতে পারে।
.
এই এলাকার কৃষি বিভাগের মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: শাহ্ জালাল জানান, মো: বদরুল আলম এই এলাকার লিডিং কৃষক এবং কৃষি গবেষনায় উদ্ভাবিত বারি-০২ জাতের তরমুজ চাষ করেছেন। এই চাষের জন্য কৃষককে নিবিড়ভাবে এর পরিচর্যা করতে হয়েছে এবং এই জাতীয় নতুন উদ্ভাবিত তরমুজের চাষ প্রথম হচ্ছে। ফলন ভালো হওয়ায় অনেক কৃষকের মতো তিনিও আনন্দিত।
ঝালকাঠির নলছিটি উপজেলার কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি জানান, তার এই উপজেলায় প্রথমবারের মতো এই নতুন জাতের তরমুজের চাষ ছড়িয়ে-ছিটিয়ে পাঁচ হেক্টরে আবাদ হয়েছে। ফলনও ভালো হয়েছে এবং কৃষকরা এই আবাদ থেকে ভালো দাম পাবেন ও আগামীতেও কৃষকরা আরো বেশি পরিমাণ জমিতে এর আবাদ সম্প্রসারণ করবেন। কৃষি বিভাগ কৃষকদের পরামর্শসহ সকল ধরনের সহযোগিতা দিচ্ছে।



