সরকারি হাসপাতাল স্থাপনের ৫৪ বছর পর অবশেষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো আল্ট্রাসনোগ্রাম সেবা। দীর্ঘ দিন পর হলেও এই সেবা চালু হওয়ায় সবার মাঝে আনন্দ বিরাজ করছে। খুশি উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের প্রান্তিক মানুষও। সরকার নির্ধারিত ফি প্রদান করে অফিস চলাকালীন
সময়ে যে কেউ এই সেবা গ্রহণ করতে পারবেন।

বুধবার সকালে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম সেবাটি উদ্বোধন করেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো: ইব্রাহিম টিটন। উদ্বোধন শেষে তিনি হাসপাতালের বিভিন্ন সেবা কক্ষ পরিদর্শন করেন।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নাসির উদ্দিন জানান, বালিয়াকান্দিবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৯৬৮ সালে তৎকালীন সরকার হাসপাতালটি স্থাপন করেন। প্রথমদিকে ৩০ শয্যাবিশিষ্ট থাকলেও এলাকার মানুষের স্বাস্থ্যসেবাকে আরো বেগবান করার লক্ষ্যে বর্তমান আওয়ামী লীগ সরকার এটিকে ৫০ শয্যায় উন্নীতকরণ করে। কিন্তু দীর্ঘ দিন ধরে হাসপাতালে আলট্রাসনোগ্রাম সেবা ছিল না। সেটিও আজ চালু হলো। আশা করছি আলট্রাসনোগ্রাম সেবা চালুর মাধ্যমে হাসপাতালটি সেবার মানের দিক থেকে আরো এক ধাপ এগিয়ে যাবে। সেইসাথে বর্তমান সরকার প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য যে পদক্ষেপ গ্রহণ করছে তারই প্রতিফলন এটি।

হাসপাতালে সেবা নিতে আসা পাইককান্দি গ্রামের বাসিন্দা কালাম মিয়া বলেন, আমাদের আল্ট্রাসনোগ্রাম প্রয়োজন হলে বাইরে থেকে অর্থাৎ কোনো বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক থেকে অনেক টাকা দিয়ে করতে হতো। এখন হাসপাতালে সেবাটি চালু হওয়ায় আমাদের জন্য খুবই ভালো হলো। আমরা দারুণ উপকৃত হব।
আল্ট্রাসনোগ্রাম সেবা উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুমন কুমার সরকার, মেডিক্যাল অফিসার ডা. নিউটন শিকদার, ডা. সজল কুমার সোম, ডা. শায়লা শারমিন, ডা. জান্নাতুল ফেরদৌস প্রমুখ।