দিনাজপুরের ফুলবাড়ীতে রেলের টিকিট কালো বাজারে বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে জরিমানা আদায়সহ সতর্ক করেছেন দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার দুপুর ১২টায় ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে এই অভিযান পরিচালনা করেন দিনাজপুর ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক মমতাজ বেগম।

জানা গেছে, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের একটি টিম ফুলবাড়ী রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে বিভিন্ন চা স্টল, পান স্টলে তল্লাশী চালায়। এ সময় মিলন চা স্টলে বেনামী ৮টি টিকিট উদ্ধার করে জব্দ করা হয়। অবৈধ ভাবে টিকিট সংরক্ষণ করার অপরাধে ভোক্তা অধিকার আইনে মিলন চা স্টলের মালিকের নিকট থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও ওয়েচ কুরনি স্ন্যাকবার টি স্টল ও রাজু পানস্টোরের মালিকদের সতর্ক করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সেনেটারি ইনেসপেক্টর জগদীশ রায় ও দিনাজপুর র‌্যাব ১৩-এর সদস্যরা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, আমাদের হট লাইনে ফুলবাড়ী রেল স্টেশনে টিকিট কালো বাজারির অভিযোগ প্রায়ই আসে। গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর র‌্যাব ১৩-এর সহযোগিতায় অভিযানে এসে অভিযোগের সত্যতা পাওয়া যায়। স্টেশনের প্লাটফর্মের মিলন চা স্টলে ৮টি টিকিট উদ্ধার করা হয়, যার কোনো টিকিটই তার নিজের নামে ক্রয় করা নয়। সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার হওয়ায় ওই চা স্টল থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান টের পেয়ে কয়েকটি দোকানের মালিক পালিয়ে গেছে, তবে তাদেরকেও নজরদারিতে রাখা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।