দীর্ঘ আট বছর আগে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের শাহেদল গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে কফিল উদ্দিনের মাদক মামলায় ছয় মাস কারাদণ্ড হয়। কিন্তু ছয় মাসের এই সাজা থেকে বাঁচতে দীর্ঘ আট বছর ধরে পলাতক ছিলেন কফিল উদ্দিন। কিন্তু শেষ রক্ষা হয়নি তার।
বুধবার দুপুরে উপজেলার আশুতিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান টিটু এ গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন।

এ সময় আসামিকে গ্রেফতার করতে সহায়তা করেন এসআই মো: শরীফুল ইসলাম ও এএসআই
মিজানুর রহমান।

পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করে জানান, একটি মাদক মামলায় কফিল উদ্দিনের ছয় মাস সাজা হয়েছিল। কিন্তু তিনি গত ৮ বছর ধরে সাজা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। বুধবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার আশুতিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেফতার করা হয়।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম জানান, সাজাপ্রাপ্ত পলাতক আসামি কফিল উদ্দিনকে আদালতে নেয়া হলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন।