টাঙ্গাইলের কালিহাতীতে বাড়ির পাশে ঝিনাই নদীতে বোতল নিয়ে খেলতে গিয়ে নিখোঁজ হয় দুই শিশু মারিয়া (২) ও বর্ষা (২)।

শুক্রবার সকালে বর্ষার লাশ পাওয়া গেলেও সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত খোঁজ মেলেনি মারিয়ার। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় তারা নদীতে খেলতে গিয়ে নিখোঁজ হয়।

বর্ষা কালিহাতী পৌর এলাকার হরিপুর পশ্চিমপাড়া গ্রামের ইজিবাইকচালক বিদ্যুতের মেয়ে। মারিয়া একই গ্রামের ট্রাকচালক মিঞ্জুর মেয়ে। বর্ষা ও মারিয়া একে অপরের চাচাত বোন।

স্থানীয়রা জানান, তাদের দু’জনের নিখোঁজ হওয়ার খবর সাথে সাথেই ফায়ার সার্ভিসকে জানানো হয়। কিন্তু তারা ওই দিন আর উদ্ধার কাজে আসেনি। শুক্রবার সকালে তারা উদ্ধার কাজ শুরু করে। পরে কালিহাতীর নাগবাড়ী ইউনিয়নের কোনাবাড়ী এলাকায় ঝিনাই নদীতে ভাসমান অবস্থায় বর্ষার লাশ উদ্ধার করে। তবে মারিয়ার সন্ধানে অভিযান চলছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুড়ি দলের টিম লিডার মহিদুর রহমান জানান, ‘রাতে জলাধারে উদ্ধার অভিযান নিষেধের কারণে বৃহস্পতিবার রাতে আমরা আসতে পারিনি। শুক্রবার সকালে সম্ভাব্য সকল জায়গায় ডুবুরি নামিয়ে খোঁজাখুঁজি করে সকাল ১০টার পর অভিযান সমাপ্ত করা হয়। এরপর নদীর ভাটিতে নিখোঁজদের স্বজনদের সাথে আমাদের সদস্যরা খোঁজ অব্যাহত রেখেছেন।’

কালিহাতী থানার পরিদর্শক (তদন্ত) মো: মনিরুজ্জামান শেখ জানান, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত বর্ষার লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।