প্রেমের টানে হাজারও মাইল পাড়ি দিয়ে বাংলাদেশের উপকূলীয় জেলা বরগুনার তালতলীতে এসেছেন ভারতের দক্ষিণে অবস্থিত তামিলনাড়ুর নাগরিক প্রেমকান্ত।

শুক্রবার দুপুরে তিনি তালতলীতে এসেছেন। গত ২৪ জুলাই দুপুরে তিনি বরিশালে আসেন।

গতকাল বৃহস্পতিবার রাতে বরিশাল থেকে সড়কপথে তিনি বরগুনায় এসে নানা জায়গায় তার প্রেমিকাকে খুঁজে না পেয়ে শুক্রবার দুপুরে প্রেমিকার পরিবারের সাথে কথা বলতে তালতলীতে পৌঁছেন বলে পুলিশ নিশ্চিত করেছেন।

প্রেমকান্তের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে তার সাথে তালতলী উপজেলার টিএন্ডটি রোডের বাসিন্দা ও বরিশাল সরকারি মহিলা কলেজের একাদ্বশ শ্রেণির প্রথমবর্ষের এক শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এভাবে ফেসবুকের মাধ্যমে টানা তিন বছর ধরে তাদের প্রেমের সম্পর্কও এগিয়ে চলে।
এক পর্যায়ে প্রেম শুধু মেয়ের সাথেই নয়, সুসম্পর্ক গড়ে ওঠে দুই পরিবারের মধ্যেই। আর তাই ভিডিও কলে নয়, মনস্থির করেন ভালোবাসার মানুষটিকে সরাসরি একনজর দেখবেন তিনি। এরপরই সুদুর তামিলনাড়ু থেকে প্রথমে বাংলাদেশের বরিশাল শহরে ও পরে তালতলীতে আসেন তিনি।

প্রেমিক প্রেমকান্ত জানান, বরিশালে আসার পর ওই শহরের বসে দেখাও মেলে তার প্রেমিকার সাথে। আর এরপরেই প্রেমকান্তের প্রেম নতুন এক দিকে মোড় নেয়।

নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং পাশ করা প্রেমকান্ত আরো জানান, ২০১৯ সালে ফেসবুকে তালতলীর ওই তরুণীর সাথে পরিচয় হয়। ধীরে ধীরে তাদের সম্পর্ক আরো গভীর থেকে গভীর হয়। এক পর্যায়ে উভয় পরিবারের মধ্যেও সুসম্পর্ক গড়ে ওঠে। করোনার বাধা কাটিয়ে প্রেমকান্ত গত ২৪ জুলাই বাংলাদেশ এলে বরিশালের একটি রেস্টুরেন্টে দু’জনের দেখা হয়। দেখা হওয়ার এক দিন পর প্রেমকান্ত জানতে পারেন তার অজান্তেই তালতলী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চয়ন হালদার নামে এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক আছে তার প্রেমিকার। আর এরপরেই হঠাৎ প্রেমিকা ও তার পরিবার বন্ধ করে দেয় সকল প্রকার যোগাযোগ। এমনকি প্রেমিকার নতুন প্রেমিকের হাতে মারধরও খেতে হয় তাকে। পরে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানা পুলিশের হেফাজতেও থাকতে হয়েছে তাকে।

এ বিষয় চয়ন বলেন, মেয়েটি আমার এলাকার ছোটবোন, আমার প্রেমিকা নয়, এ ঘটনায় মেয়েটি আমার কাছে সহযোগিতা চেয়েছে তাই আমি সহযোগিতা করেছি, কিন্তু কোনো মারধরের ঘটনা ঘটেনি।

আর এতসব কিছুর পরেও প্রেমিক প্রেমকান্তের বিশ্বাস, দেখা হলে হয়তো আবারো তার জীবনে ফিরে আসবেন তার ওই প্রেমিকা। তাই বৃহস্পতিবার রাতে বরিশাল থেকে সড়কপথে তালতলী যাওয়ার উদ্দেশ্যে বরগুনায় আসেন। শুক্রবার দুপুরে প্রেমিকার পরিবারের সদস্যদের সাথে কথা বলতে তালতলীর একটি রেস্টহাউজে অবস্থান করছেন তামিলনাড়ুর প্রেমকান্ত।

একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, প্রেমকান্তের তালতলী অবস্থানের সংবাদ পেয়ে তার প্রেমিকের পরিবারের সদস্যরা বাড়ীতে তালা দিয়ে অন্যত্র চলে গেছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, শুনেছি তামিলনাড়ুর এক যুবক তার প্রেমিকার খোঁজে তালতলীতে অবস্থান করছেন।