টাঙ্গাইলের কালিহাতীতে বাড়ির পাশে ঝিনাই নদীতে খেলতে গিয়ে নিখোঁজ হয় দুই শিশু মারিয়া (২) ও বর্ষা (২)। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার সকালে বর্ষার লাশ পাওয়া গেলেও সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত খোঁজ মেলেনি মারিয়ার। বর্ষা কালিহাতী পৌর এলাকার হরিপুর পশ্চিমপাড়া গ্রামের ইজিবাইক চালক বিদ্যুতের মেয়ে এবং মারিয়া একই গ্রামের ট্রাকচালক মিঞ্জুর মেয়ে। তারা একে অপরের চাচাত বোন। স্থানীয়রা জানান, তাদের দু’জনের নিখোঁজ হওয়ার খবর সাথে সাথেই ফায়ার সার্ভিসকে জানানো হয়। কিন্তু তারা ওই দিন আর উদ্ধার কাজে আসেনি। শুক্রবার সকালে তারা উদ্ধার কাজ শুরু করে। দুপুরে কালিহাতীর কোনাবাড়ী এলাকায় ঝিনাই নদীতে ভাসমান অবস্থায় বর্ষার লাশ উদ্ধার করা হয়।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুড়ি দলের টিম লিডার মহিদুর রহমান জানান, রাতে জলাধারে উদ্ধার অভিযান নিষেধের কারণে গত বৃহস্পতিবার রাতে আমরা আসতে পারিনি। শুক্রবার সকালে সম্ভাব্য সব জায়গায় ডুবুরি নামিয়ে খোঁজাখুঁজি করে সকাল ১০টার পর অভিযান সমাপ্ত করা হয়।



