জামালপুরের মেলান্দহে পুরাতন ব্রহ্মপুত্র নদের ভাঙন অব্যহত থাকায় হুমকির মুখে পড়েছে টুপকারচর আশ্রয়ণ প্রকল্প। নদের পানি কমতে থাকায় ভাঙনের মাত্রা আরো বেড়েছে। প্রতিনিয়ত নদের বুকে বিলীন হচ্ছে পাড়ের ফসলি জমি। ব্রহ্মপুত্র ভাঙনরোধে প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো উদ্যোগ নেয়া হয়নি।
সরেজমিন ঘুরে দেখা গেছে, ব্রহ্মপুত্র নদ ভাঙতে ভাঙতে আশ্রয়ণ প্রকল্পের কাছাকাছি চলে এসেছে। এতে প্রকল্পের ৪৫টি ঘরের সাথে স্থানীয়দের বসতবাড়িও হুমকির মুখে পড়েছে। আশ্রয়ণ প্রকল্পের একটি অংশে দেখা যায় প্রকল্পের ১০ ফুট কাছে চলে এসেছে নদ। ভাঙন অব্যাহত থাকলে যেকোনো সময় নদের বুকে চলে যাবে আশ্রয়ণের ঘরগুলো।
স্থানীয় বাসিন্দা তারা বানু বলেন, প্রতিনিয়ত ব্রহ্মপুত্র ভাঙছে, আর দুঃশ্চিন্তা তাড়িয়ে নিয়ে ফিরছে আমাদের। শিশুদেরকে একা ছেড়ে দিতে পারি না। ভাঙন দেখতে গিয়ে যদি পানিতে পড়ে যায়। যেকোনো মুহূর্তে দুর্ঘটনার শিকার হতে পারে।
আশ্রয়ণের বাসিন্দা রোজিনা আক্তার বলেন, আমরা রাতে ঘুমাতে পারি না। ঘরে শুয়ে থাকি ঠিকই, সারাক্ষণ চিন্তা থাকে এই বুঝি নদে চলে গেল আমার ঘর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিঞা বলেন, ভাঙনকবলিত জায়গা পরিদর্শন করা হয়েছে। ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।



