কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ-সদস্য জাফর আলমের স্ত্রী শাহেদা বেগমের অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে সরকারি জমি দখল, মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির মাধ্যমে কয়েক কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক (অনু: ও তদন্ত-৫) খান মো: মাজানুল ইসলাম স্বাক্ষরিত এক স্মারক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
সংসদ সদস্য জাফর আলমের স্ত্রী শাহেদা বেগম চকরিয়া উপজেলার পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। দুদকের স্মারকপত্রে বলা হয়, শাহেদা বেগমের বিরুদ্ধে সরকারি জমি দখল, মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুদক সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালককে নির্দেশ দেয়া হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত শাহেদা বেগম সাংবাদিকদের জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়, একটি মহল তার বিরুদ্ধে তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ দিকে এমপি জাফর আলমের স্ত্রী শাহেদা বেগমের বিরুদ্ধে দুদকের তদন্তের খবরে টক অব দ্য চকরিয়া-পেকুয়ায় পরিণত হয়েছে।



