রাজবাড়ীর পাংশায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইউসুফ প্রামানিক (৫০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে
গেছেন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আজিজ সরদার বাস স্ট্যান্ড সংলগ্ন পাংশা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ প্রামানিক ফরিদপুর সদর উপজেলার গোল চত্বর এলাকার হানিফ প্রামানিকের ছেলে।
পাংশা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটি পাংশা ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে বের হওয়ার সময় রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময়ই এ হতাহতের ঘটনা ঘটে। তখন স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে
গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ট্র্যাকের ড্রাইভার ইউসুফ প্রামানিককে মৃত ঘোষণা করেন।
পাংশা হাইওয়ে থানার এসআই মোঃ সালাউদ্দিন মোল্লা বলেন, সুরতহাল শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। যদি তারা এই ঘটনায় মামলা করতে চায় করতে পারেন, মামলা হলে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বাস ও ট্রাক দুটোই হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।



