টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় নির্মাণাধীন বঙ্গবন্ধু রেল সেতুর সাইট চীফ ইঞ্জিনিয়ার শাহ আব্দুল মঈন ওরফে অনিক (৩০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

শনিবার সকালে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অনিক নরসিংদী জেলার পলাশ উপজেলার চরসিন্দর গ্রামের মো: শাহ আব্দুল মোমেনের ছেলে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সফিকুল ইসলাম নয়া দিগন্তকে বলেন, ইঞ্জিনিয়ার অনিক সকালে মোটরসাইকেল নিয়ে তার অফিসে যাচ্ছিলেন। তিনি ৭টা ৫০ মিনিটে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে গোল চত্বর এলাকায় পৌঁছলে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। সাথে সাথে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তার স্বজনেরা হাসপাতালে ছুটে আসেন। এ সয়ম সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।