কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় চিংড়ি জোন রামপুরের ১১ একর পয়েন্টে মাতামুহুরী নদীতে মাছ ধরতে গিয়ে জালে পেচিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ৮ঘণ্টা পর মোহাম্মদ বাদশা মিয়া (৫৫) নামের এক মৎস্যজীবির লাশ উদ্ধার করা হয়েছে। বাদশা মিয়া ভোর ৫টায় নিখোঁজ হলে তাকে উদ্ধার করা হয় বেলা ১টায়।
শনিবার এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ওমর ফারুক জানান, প্রতিদিনকার মতো শনিবারও বাদশা মিয়া
উপকূলের ১১ একর চিংড়িজোন পয়েন্টের মাতামুহুরী নদীতে মাছ শিকারে যায় জাল নিয়ে।
সাথে কয়েকজন সঙ্গীও ছিল। ভোর ৫টার দিকে জাল ফেললে আটকে যায় জাল। সাথে বাদশা মিয়া আটকা থেকে ছেড়ে আনতে নদীতে নেমে ডুব দিলে আর উঠেনি। তার সাথে যাওয়া কয়েকজন মৎস্যজীবীসহ আশপাশের লোকজন সন্ধান চালিয়ে না পেলে চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযানে যায়। প্রায় ৮ ঘণ্টা পর দুপুর ১টার দিকে জালে পেচানো অবস্থায় বাদশা মিয়ার লাশ উদ্ধার করে ফায়ার কর্মীরা।
মৃত বাদশা মিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডস্থ অলির
বাপের পাড়া গ্রামের মৃত আশারফ উজ্জামানের ছেলে।
মৎস্যজীবির লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, প্রথমে ঘটনাটি আমাকে কেউই জানায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা যেতে দেখেই পানিতে ডোবার ঘটনাটি জানতে পারি।



