রাঙ্গামাটিতে জেলা প্রশাসনের ভাড়া পুনঃনির্ধারণ হওয়ার পরেই রোববার দুপুর থেকে শহরে সিএনজি-অটোরিকশা চলাচল শুরু হয়েছে।

তেলের দাম বাড়ার কারণে ভাড়া পুনঃনির্ধারণের জন্য শনিবার সকাল থেকে রোববার দুপুর পর্যন্ত রাঙ্গামাটি শহরে সিএনজি-অটোরিকশা চলাচল বন্ধ করে দেয় চালকরা। শহরের যাতায়াতের একমাত্র বাহনটি বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ যাত্রীরা মারাত্মক দুর্ভোগে পড়ে।

অটোরিকশার ভাড়া পুনঃনির্ধারণে সমিতির নেতৃবৃন্দের সাথে বৈঠকে বসে জেলা প্রশাসন। ৫২ শতাংশ ভাড়া বৃদ্ধির হারে রাঙ্গামাটি শহরের অভ্যন্তরীণ একমাত্র পরিবহণ অটোরিকশা-সিএনজির ভাড়া নির্ধারণ করে জেলা প্রশাসন।

রোববার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত দেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। সভা থেকে জানানো হয়, তেলের দাম বাড়ায় শহরে অটোরিকশা ভাড়ার ৫২ শতাংশ ভাড়া বৃদ্ধি করা হয়েছে। ভাড়া পুনঃনির্ধারণ হওয়ার পরেই রোববার দুপুর থেকে শহরে সিএনজি-অটোরিকশা চলাচল শুরু হয়েছে।