গাজীপুরে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৬ ডাকাতকে গ্রেফতার করেছে বাসন থানা পুলিশ।

রোববার জয়দেবপুর-চান্দনা চৌরাস্তা সড়কের এলাকা থেকে তাদের গ্রেফাতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, সুইচ গিয়ার ও মোবাইল জব্দ করা হয়। জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান এ তথ্য জানিয়েছেন।

আটককৃতরা হলেন শহিদুল ইসলাম ওরফে নবাব (২৪), মোবারক হোসেন (১৯), মো: মামুন (২৪), সিরাজুল ইসলাম সিফাত (২১), দেলোয়ার হোসেন ওরফে দেলু (২৮) ও রিপন মিয়া (২৮)।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, রোববার ভোর রাত সোয়া ৩টার দিকে বাসন থানাধীন চান মিয়া সুপার মার্কেটের সামনে জয়দেবপুর-চান্দনা চৌরাস্তা সড়কে ডাকাতির জন্য ডাকাত দলের কয়েক সদস্য প্রস্তুতি নিচ্ছে। এ গোপন সংবাদ পেয়ে বাসন থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে ডাকাতদলের ৬ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দুইটি চাপাতি, দুইটি সুইচ গিয়ার চাকু ও ৬টি মোবাইল-সেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।