ভোলায় জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

রোববার সকালে ভোলা জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা এই কর্মসূচি পালন করে।

প্রায় ঘণ্টাব্যাপী এই মাবনবন্ধনে আইনজীবীরা হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। পরে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালাহ উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার-কার্যক্রম পরিচালনা করার জন্য বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।

উল্লেখ্য, গত ৩১ জুলাই ভোলায় জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন স্বেচ্ছাসেবক দলের কর্মী আবদুর রহিম। এ সময় জেলা ছাত্রদল সভাপতি নূরে আলমসহ বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। পরে চিকিৎসাধীন আবস্থায় মারা যান নূরে আলম।