টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া তিন আসামি আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। জবানবন্দী দেয়া আসামিরা হলো- রাজা মিয়া (৩২), আব্দুল আওয়াল (৩০) ও নুরনবী (২৬)। এর মধ্যে রাজা মিয়া ডাকাতি ও ধর্ষণের অভিযোগ স্বীকার করলেও অপর দু’জন শুধু ডাকাতির সাথে জড়িত বলে স্বীকারোক্তিতে উল্লেখ করে। শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামছুল আলম ও রুমি খাতুন আসামিদের জবানবন্দী রেকর্ড করেন। পরে তাদের জেলহাজতে পাঠিয়ে দেয়া হয়।
টাঙ্গাইলের কোর্ট ইন্সপেক্টর তানবীর আহাম্মেদ জানান, গ্রেফতারকৃত তিন আসামিকে শনিবার বিকেলে টাঙ্গাইল আদালতে তোলা হলে সন্ধ্যায় তারা স্বেচ্ছায় নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দী দেয়। গত বৃহস্পতিবার আসামি রাজা মিয়াকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছিলেন আদালত। শনিবার সে ডাকাতি ও ধর্ষণের সাথে জড়িত থাকার অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দী দেয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামছুল আলম তার জবানবন্দী রেকর্ড করেন।