ঝালকাঠি জেলা বিএনপি আয়োজনে শহরের গোরস্থান মসজিদে দোয়া অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়কে ব্যারিকেড দিয়ে বিএনপি নেতা রফিকুল ইসলাম জামালের ওপর হামলা ও প্রাইভেটকার ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে তিনি রক্তাক্ত জখম হয়েছেন।
পথচারীরা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য এই বিএনপি নেতাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (৭ আগস্ট) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির সামনে এ ঘটনা ঘটে।
আহত রফিকুল ইসলাম জামাল জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সভাপতি পদপ্রার্থী, অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ঝালকাঠি-১ আসনে নির্বাচন করেছিলেন।
জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন জানান, ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের মৃত্যুতে ঝালকাঠি জেলা বিএনপি শহরের গোরস্থান মসজিদে দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রফিকুল ইসলাম জামাল। এরপর মহিলা কলেজের সামনে জেলা বিএনপির সদস্য সচিবের চেম্বারে একটু সময় অপেক্ষা করে বাসায় রওয়ানা হন তিনি।
কিছুদূর সামনে গেলে শিল্পকলা একাডেমি ভবনের সামনে মোটরসাইকেল দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে জামালের ব্যক্তিগত গাড়ির গতিরোধ করা হয়। গাড়ি থামিয়ে গ্লাস নামিয়ে দেখতে গেলেই অতর্কিতভাবে তাকে হাতুরিপেটা শুরু করে হামলাকারীরা। এতে তিনি রক্তাক্ত জখম হন। এ সময় তার সফরসঙ্গীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। তবে হামলাকারী কাউকেই চিনতে পারেননি তারা।
ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. মেহেরিন আফরোজ বলেন, রফিকুল ইসলাম জামাল নামে একজন আহত হয়ে আমাদের কাছে চিকিৎসা নিতে এসেছিলেন। তার নাকে জখম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে পাঠানো হয়েছে।
এদিকে, হামলার খবর পেয়ে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা যুবদল আহ্বায়ক শামীম তালুকদারসহ দলীয় নেতাকর্মীরা তাকে দেখতে সদর হাসপাতালে যান। এ সময় নেতাকর্মীরা জামালের ওপর হামলার ঘটনায় দোষীদের বিচার দাবি করেন।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: খলিলুর রহমান বলেন, বিএনপি নেতার ওপর হামলার কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে আহত ব্যক্তি ও তার সঙ্গীরা হামলাকারী কাউকে চিনতে পারেননি। আমাদের কাছে অভিযোগ এলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।



