ঝালকাঠি জেলা বিএনপি আয়োজিত শহরের গোরস্থান মসজিদে গত রোববার (৭ আগস্ট) সন্ধ্যায় এক দোয়া অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়কে ব্যারিকেড দিয়ে বিএনপি নেতা রফিকুল ইসলাম জামালের ওপর হামলা ও তার প্রাইভেটকার ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে তিনি রক্তাক্ত জখম হন। পথচারীরা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন জানান, ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিমের মৃত্যুতে রফিকুল এক দোয়া মাহফিলের আয়োজন করেন। দোয়া শেষে ফেরার পথে হামলাকারীরা অতর্কিতে তার ওপর হামলা চালায়। এতে তিনি রক্তাক্ত জখম হন। এ সময় তার সফরসঙ্গীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। তবে হামলাকারীদের কাউকেই চিনতে পারেননি রফিকুল ইসলাম বা তার সফরসঙ্গীরা।
ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আমাদের কাছে অভিযোগ এলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।