জয়পুরহাটে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যার অপরাধে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুরুল ইসলাম এ দণ্ড দেন। সাজাপ্রাপ্ত নাজিম উদ্দীন ওরফে করিম (৩২) জেলার কালাই উপজেলার ধাপ কাথাইল গ্রামের আবুল কালামের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৬ মে সকালে ধাপ কাথাইল গ্রামে নাজিম উদ্দীন প্রচার করে যে তার স্ত্রী রওশন আরাকে (২৮) ডাকাতরা খুন করেছে। খবর পেয়ে স্ত্রীর পরিবারের লোকজন সেখানে গিয়ে জানতে পারেন স্বামীই তাকে খুন করেছে। এ ঘটনায় নিহতের দাদা ইসমাইল হোসেন বাদি হয়ে সংশ্লিষ্ট থানায় একজনকে আসামি করে মামলা করেন। ওই বছরের ৫ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বুলবুল ইসলাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক কার্য শেষে ১২ জন সাক্ষীর সাক্ষ্য নিয়ে আদালত এ রায় দেন।