রাজবাড়ীতে বালুমহলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তদের গুলিতে মো: আনোয়ার হোসেন মিয়া (৪৫) নামের এক ড্রেজার শ্রমিক মাথায়গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার দুপুর ২টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চর নরসিংদী বালুমহলে এ ঘটনা ঘটে।

আনোয়ার মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার বাউসিয়া গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে।

এ ঘটনায় স্থানীয়রা আনোয়ারকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এখনো তার মাথায় লাগা গুলি বের করা হয়নি।

আহত আনোয়ার জানান, সকাল ৮টার দিকে তিনিসহ চারজন বালু উত্তোলন করতে মিজানপুরের চর নরসিংদী এলাকায় যান। এ সময় হঠাৎ করে পাবনার নাজিরগঞ্জের দিক থেকে একটি স্পিডবোটে কয়েকজন সন্ত্রাসী এসে গুলি ছুড়তে থাকে। পরে তিনি গুলিবিদ্ধ হন।

রাজবাড়ী বালুমহলের ইজারাদার দিপক কুণ্ডু বলেন, ‘আমরা বৈধভাবে ঘাটে বালু উত্তোলন করছি। কিন্তু পাবনার কিছু সন্ত্রাসী গত কয়েক দিন ধরে তাদের ঘাটে ফাঁকা গুলি করে আসছিল। আজ গুলি করে একজন শ্রমিককে আহত করেছে তারা।’

ড্রেজার মালিক আজম মণ্ডল জানান, ড্রেজারশ্রমিক আনোয়র দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, পদ্মা নদীতে শ্রমিক গুলিবিদ্ধ হয়েছে শুনেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।