চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নে টিসিবির ফ্যামিলি কার্ডে পণ্য তোলা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ, ইউপি সদস্য মানিক ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু তাহের জবাকে পরিষদে অবরুদ্ধ করে বিক্ষুব্ধ জনতা। বুধবার সন্ধ্যার আগে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র ঘটনাস্থলে যান এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আবু তাহের জবাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যান।
তবে অভিযোগ অস্বীকার করে আবু তাহের জবা বলেন, ‘আমি ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স নিতে এসেছিলাম। সেদিন ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য দেবে আমি জানতাম না। আমি পরিষদে আসার পর ওই পক্ষ আন্দোলন করেছে। আমি এ বিষয়ে কিছুই জানি না।
এ বিষয়ে ইউপি সদস্য মানিক বলেন, আমি চেয়ারম্যানের কক্ষে বসে কার্ড বিতরণ করছিলাম। এ সময় আমার কাছ থেকে ২ নম্বর ওয়ার্ডের সদস্য আকবার কিছু কার্ড ছিনিয়ে নিয়ে যান।
রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ বলেন, আমাদের বিরুদ্ধে যেসব দাবি করা হচ্ছে, সেগুলো মিথ্যা। রায়পুরের কৃষ্ণপুরের জমি নিয়ে ঝামেলার কারণে প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র বলেন, আটকৃতের জবানবন্দি নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে। এ ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।