কুষ্টিয়ায় দুইটি পৃথক হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। হোমিও ডাক্তার সানাউর রহমান হত্যা মামলায় চার জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার সময় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত চার আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার মজিবুর রহমানের ছেলে আজিজুর ইসলাম, কবুরহাট দোস্তপাড়ার সামাদ সর্দারের ছেলে জয়নাল সর্দার, মাদরাসাপাড়া এলাকার আজিজুল হক খানের ছেলে সাইফুল ইসলাম খান, দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর এলাকার আব্দুর রহমান ওরফে কালা কাজীর ছেলে সাইজুজ্জিন কাজী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২০ মে সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া পৌরসভার মজমপুর এলাকার মৃত বজলুর রহমানের পুত্র হোমিও চিকিৎসক সানাউর রহমান এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজ্জামান মোটরসাইকেলে সদর উপজেলার বটতৈল এলাকার শিশির মাঠের বাগানবাড়িতে যাচ্ছিলেন। পথে অজ্ঞাত ব্যক্তিরা তাদের মোটরসাইকেলের গতিরোধ করে দুইজনকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই সানাউর রহমানের মৃত্যু হয়। সাইফুজ্জামান গুরুতর আহত হন।