টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও গণধর্ষণের ঘটনায় মূল পরিকল্পনাকারী রতন হোসেনসহ আরো দুই আসামি আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। স্বীকারোক্তি দেয়া অপর আসামি হলো আব্দুল মান্নান। গতকাল বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন করিম আসামিদের জবানবন্দী রেকর্ড করেন। পরে তাদের জেলহাজতে পাঠিয়ে দেয়া হয়।
টাঙ্গাইলের কোর্ট ইন্সপেক্টর তানবীর আহম্মদ জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা বৃহস্পতিবার দুপুরে রিমান্ডে থাকা চার আসামিকে আদালতে হাজির করেন। আসামিরা হলো- ঘটনার মূল পরিকল্পনাকারী রতন হোসেন, আব্দুল মান্নান, খন্দকার হাসমত আলী ওরফে দীপু ও জীবন। তারা সবাই তিন দিনের রিমান্ডে ছিল। তাদের মধ্যে রতন ও মান্নান স্বেচ্ছায় আদালতে নিজেদের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দেয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন করিম তাদের জবানবন্দী রেকর্ড করেন। পরে এই চার আসামিকেই জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন তিনি। এই মামলায় এ পর্যন্ত গ্রেফতার হওয়া ১৩ আসামির মধ্যে ১১ জনই আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। বর্তমানে তারা সবাই জেলহাজতে রয়েছে।



