যশোর-সাতীরা রুটে যাত্রীবাহী বাস চলাচল নিয়ে ফের জটিলতা শুরু হয়েছে। এ জটিলতা নিরসন করে কিছুদিন বাস চলাচল করলেও গত ৯ আগস্ট থেকে আবার জটিলতা দেখা দেয়ায় তা বন্ধ হয়ে যায়। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়ায় সাতীরা বাস-মিনিবাস মালিক সমিতির নেতারা গত বৃহস্পতিবার (১১ আগষ্ট) ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।
জানা যায়, গত প্রায় এক বছর ধরে যশোর-সাতীরা রুটে বাস চলাচলে ট্রিপ ভাগাভাগি নিয়ে দুই জেলার মালিক সমিতির মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। গত দু’মাস আগে যশোর ও সাতীরার বাস মালিকরা সাময়িকভাবে বিষয়টি সমাধান করার পর চলাচল আবার স্বাভাবিক হয়। কিন্তু একই ইস্যুতে আবারও জটিলতা দেখা দেয়। এ কারণে যশোরের বাস বাগআঁচড়া পর্যন্ত এবং সাতীরার বাসও বাগআঁচড়া পর্যন্ত চলছে। উভয় জেলার যাত্রীরা বাধ্য হয়ে বাগআঁচড়ায় নেমে যেতে হচ্ছে। সরাসরি বাস চলাচল না করায় বিপাকে পড়ছেন সাধারণ যাত্রীরা। বিশেষ করে নারী ও শিশুরা বেশি হয়রানির শিকার হচ্ছেন।
সাতীরার বাস মালিক সমিতির নেতারা বলছেন, বিষয়টি সমাধানের জন্য প্রশাসনের কাছে লিখিত আবেদন করা হয়েছে। কিন্তু কোনো সমাধান হচ্ছে না। সাতীরা বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, যশোর-সাতীরা রুটের সমস্যা নিরসনে বারবার বসেও কোনো সমাধান হয়নি। এবার সমস্যাটি সমাধানে বৃহস্পতিবার বিভাগীয় কমিশনার, যশোরের জেলা প্রশাসক, পুলিশ সুপারের কাছে আবেদন জানানো হয়েছে সেই সাথে দেয়া হয়েছে ৭২ ঘণ্টার আল্টিমেটাম। দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলে জানান তিনি।
এ ব্যাপারে যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান বলেন, দুই জেলার মালিকদের সমস্যা সমাধানের জন্য তাকে জেলা প্রশাসন থেকে দায়িত্ব দেয়া হয়েছে। আশা করছি, খুব দ্রুতই সমাধান হবে। এদিকে আন্তঃজেলা বাস সিন্ডিকেট যশোরের সাধারণ সম্পাদক পবিত্র কাপুড়িয়া বলেন, বৃহস্পতিবার সাতীরার বাস মালিক সমিতির নেতাদের সাথে কথা ছিল তারা আসবেন, কিন্তু আসেননি। সাতীরা বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক ছাইফুল করিম সাবু বলেন, যশোর থেকে কোনো মিটিংয়ে তাদের ডাকা হয়নি। ডাকলে অবশ্যই যাব।