ঝালকাঠির সুগন্ধা নদীতে আগুনে পুড়ে যাওয়া বরগুনাগামী অভিযান ১০ লঞ্চটি সরিয়ে নেয়া হচ্ছে।

শনিবার বিকেলে লঞ্চের মালিক নৌ আদালতের নির্দেশে লঞ্চটি মেরামতের জন্য নিয়ে যাচ্ছেন। আটক করার পর থেকে লঞ্চটির জিম্মাদার ঝালকাঠি থানার এসআই নজরুল ইসলাম লঞ্চের মালিক হাম জালাল শেখের কাছে অবমুক্ত করেন।

সুগন্ধা নদী তীরে ডিসি পার্ক থেকে লঞ্চটি বলগেটের সঙ্গে বেধে মেরামতের জন্য নলছিটির দপদপিয়ায় নিজাম শিপিং ডকইয়ার্ডের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানায়, মালিকের আবেদনের প্রেক্ষিতে গত ২৪ জুলাই নৌ আদালত মালিক পক্ষের কাছে লঞ্চটি হস্তান্তরের আদেশ দেন। ওই আদেশের কপি ঝালকাঠি থানায় আসে ২৬ জুলাই। শনিবার লঞ্চের মালিক ঝালকাঠি থানা থেকে কাগজপত্র দেখিয়ে জিম্মায় থাকা লঞ্চটি অবমুক্ত করে নিয়ে যান।

উল্লেখ্য, গত বছরের ২৩ ডিসেম্বর রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে আগুন লেগে ৪৭ জন যাত্রী দগ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় লঞ্চটিকে জব্দ করে ঝালকাঠি থানা পুলিশ।