পটুয়াখালীর দুমকিতে দুর্নীতি ও নারী কেলেঙ্কারির অভিযোগে উপজেলার মুরাদিয়া আজিজ আহম্মেদ কলেজের অধ্যক্ষ আহসানুল হকের শিগগিরই অপসারণের দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। এ প্রেক্ষাপটে তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে।

রোববার সকালে উপজেলার মুরাদিয়া বোর্ড অফিস বাজারের কলেজ গেট সড়কে শতাধিক শিক্ষার্থী প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করে।

শিক্ষার্থীরা বলেন, জালিয়াতি, সীমাহীন অনিয়ম-দুর্নীতি ও সহকর্মী এক কলেজশিক্ষিকার সাথে পরকীয়ার কলরেকর্ড সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যেমে ভাইরাল হয়েছে। এ সময় তারা অভিযুক্ত অধ্যক্ষ আহসানুল হকের শিগগিরই অপসারণের দাবি জানান। দাবি না মানা পর্যন্ত ক্লাস বর্জনেরও ঘোষণা দেন তারা।

উল্লেখ্য, কলেজ অধ্যক্ষ আহসানুল হকের বিরুদ্ধে নিয়োগ জালিয়াতি, কলেজের অর্থ আত্মসাৎ, সহকর্মী শিক্ষিকার সাথে পরকীয়াসহ নারী কেলেঙ্কারির একাধিক অভিযোগ রয়েছে। সম্প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের এক শিক্ষিকার সাথে তার অনৈতিক সম্পর্কের একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় প্রতিষ্ঠানের ভাব-মর্যাদা ক্ষুণ্ণসহ শিক্ষার্থীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অধ্যক্ষের এমন কর্মকাণ্ডে অভিভাবক ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তাকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।