ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুকুর থেকে চার সন্তানের জননী কুলসুম বিবির (৩৬) লাশ উদ্ধার করেছে তার শশুর।
মঙ্গলবার ভোর ৬টার দিকে উপজেলার হাসান নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
কুলসুম ওই ওয়ার্ডের মো: সেলিম মিয়ার স্ত্রী।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেন। তিনি মৃতের পরিবারের বরাত দিয়ে জানান, কুলসুম মৃগী রোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার ভোর ৬টার দিকে ঘুম থেকে উঠে পুকুরে থালাবাটি পরিষ্কার করতে যান কুলসুম। তার পরিবার ধারণা করছে, ওই সময় কুলসুমের মৃগী রোগ উঠে। পরে তিনি পুকুরের পানিতে পড়ে যান। তার শশুর ছেলামত কাজী ভোর সাড়ে ৬টার দিকে পুকুরে গিয়ে দেখেন তার পুত্রবধূর লাশ পুকুরের পানিতে ভাসছে। তাৎক্ষণিক তাকে পুকুর থেকে তোলা হলে স্থানীয় পল্লী চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায়। ময়নাতদন্ত না করে তার লাশ দাফন করার জন্য অনুমতি দেয়া হয়।



