শেরপুর উপজেলার নালিতাবাড়ীতে নিজ ঘরে ঘুমন্ত স্ত্রীকে শ্বাস রোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গত সোমবার রাতে উপজেলার বড় গোল্লারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে স্বামী জাহেরকে আটক করে নালিতাবাড়ী থানা পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, দক্ষিণ রানীগাঁও গ্রামের শামছুল হকের মেয়ে শাহনাজ পারভীনের (৪২) সাথে বড় গোল্লারপাড় গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে জাহের আলীর (৩০) বিয়ে হয় এক বছর আগে। এর আগে জাহেরের প্রথম বিয়ের ঘরে এক ছেলে রেখে তালাক হয়। আবার শাহনাজের তিন সন্তান রেখে পরপর দু’টি বিয়ে বিচ্ছেদ হয়। বিয়ের পর থেকেই সংসারে বনিবনা ছিল না তাদের। শাহনাজ এক সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতে শাশুুড়ি-ননদের সাথে থাকলেও জাহের জামালপুরে ডাবের ব্যবসা করতেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে সহকারী পুলিশ সুপার আফরোজা নাজনীন জানান, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী জাহের আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।



